

মোঃ শরীয়তুল্লাহ
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৩ সালে সিংগাইরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিছিলে গুলিতে চারজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা, যেখানে তাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া হরিরামপুর থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হওয়া একটি মামলাতেও তার নাম রয়েছে।
২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন মমতাজ বেগম। এরপর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সরাসরি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
মমতাজ বেগমের গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে তাকে ‘ভোটচোর’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আখ্যায়িত করছেন। তবে তার অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে—কয়েকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, আবার অন্য সূত্রে দাবি করা হয়েছে, তিনি ঢাকাতেই রয়েছেন এবং তার সাবেক এক স্বামীর মেয়ের বাসায় অবস্থান করছেন।
মামলাগুলোর প্রকৃতি ও মমতাজ বেগমের অবস্থান নিয়ে স্পষ্টতা না থাকায় বিষয়টি নিয়ে আরও তদন্ত ও যাচাই প্রয়োজন।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta