
শাহিন মিয়া, স্টাফ রিপোর্টার
আজ নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। “সম্মিলিত তৌহিদী জনতা”-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, তরুণ-যুবকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা।
চরসিন্দুর কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ রোডে এসে শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। মিছিল ও সমাবেশ জুড়ে আল্লাহু আকবর ধ্বনিতে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন তুমি একা নও”, “ইসরাইলি বর্বরতা বন্ধ কর”, “আমরা সবাই গাজাবাসীর ভাই” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, "ইসরাইলের এই অমানবিক হামলা শুধু ফিলিস্তিন নয়, সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছে। মুসলিম দেশগুলোর উচিত একসঙ্গে দাঁড়িয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”
বক্তারা আরও বলেন, “গাজার নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের রক্ত ঝরছে প্রতিদিন। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই এবং বিশ্বের বিবেকবান মানুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”
সার্বিকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় প্রশাসনেরও নজর ছিল। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য দোয়া করা হয়।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta