

মোঃ খলিলুর রহমান
রাজধানী ঢাকা থেকে নরসিংদী রুটে চলাচলকারী কমিউটার ট্রেনে সংরক্ষিত মহিলা বগিতে নিয়ম ভেঙে অনায়াসে বসছেন পুরুষ যাত্রীরা। শুধু তাই নয়, অনেক যাত্রী প্রকাশ্যেই ধূমপানের মতো দণ্ডনীয় কাজেও জড়িয়ে পড়ছেন। এতে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিদিনের মতো কর্মজীবী নারী, শিক্ষার্থী ও অভিভাবকরা মহিলা বগিতে ওঠার পর নিরাপদ পরিবেশের আশা করলেও বাস্তবে ঘটছে ভিন্ন চিত্র। পুরুষ যাত্রীরা এসব বগিতে উঠে উচ্চ স্বরে কথা বলা, বসার জায়গা দখল এবং ধূমপানের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন—যার ফলে মহিলাদের মানসিক ও শারীরিক অস্বস্তি বাড়ছে।
ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে এক নারী যাত্রী বলেন, প্রায় প্রতিদিনই দেখি, মহিলা বগিতে পুরুষরা উঠে বসে থাকে। কেউ কিছু বললে উল্টো ধমক দেয়। কখনও আবার ট্রেনের মধ্যেই ধূমপান শুরু করে দেয়, যা খুবই বিপজ্জনক ও অস্বাস্থ্যকর।
রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে সময়মতো নজরদারি বা জরিমানা না করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার অভাবে অনেক নারী যাত্রী বাধ্য হয়ে সংরক্ষিত বগি এড়িয়ে চলছেন।
যাত্রীরা মনে করছেন, রেলওয়ে পুলিশ ও ট্রেন কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং ও কড়াকড়ি আরোপ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। পাশাপাশি যাত্রীদের সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতাও এই সমস্যার একটি বড় দিক।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta