টঙ্গী প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বৃহত্তর টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক সদস্য আলহাজ্ব মোঃ আইয়ুব আলীকে হত্যার চেষ্টায় তার ওপর দফায় দফায় হামলা করেছে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী। এসব হামলার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তাসহ অপরাধীদের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর টিএনটি বাজার রোডে মানববন্ধন করেছে দলীয় নেতাকর্মীরাসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগী আইয়ুব আলী জানান, গত বছরের ২৮ জুলাই তার বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি টঙ্গীর আমতলী হিমারদীঘি এলাকার চোরাই মালামাল ব্যবসায়ী আব্বাস আলী (৫৫), তার ছেলে রাকিব (২৫), রাতুল (২০) ও হৃদয়কে (১৯) আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। তিনি জানান, চাপ ও হুমকির বিষয়ে তিনি গত বছরের ৩ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে প্রকাশ্যে ভয়ভীতি দেখাতে থাকে। বুধবার সকালে অভিযুক্ত আব্বাস আলী ও তার সহযোগীরা গাজীপুর জজকোর্টে মামলার হাজিরা দিতে গেলে অপরদিকে আইয়ুব আলীও জব্দকৃত মালামাল নিজ জিম্মায় নেওয়ার জন্য আদালতে যান। এ সময় আদালত প্রাঙ্গনের আশপাশে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসা শেষে তিনি গাজীপুর সদর থানায় আব্বাস আলী গংয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, থানায় অভিযোগ দায়ের শেষে টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকার মরকুনে নিজ বাসায় ফেরার পথে ধীরাশ্রম এলাকায় আবারও অভিযুক্তরা তার পথরোধ করে তার গাড়ি ভাঙচুর করাসহ পিস্তল তাক করে প্রকাশ্যে তাঁকে হত্যার হুমকি দেয়। এ সময় তার জীবনের নিরাপত্তাসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এসময় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার। এসময় স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী, নবীন হোসেন, কাউসার হোসেন, শ্রমিক দলের আইয়ুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta