
তৌফিকুর রহমান তমাল
নরসিংদী প্রতিনিধি
টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার ধকল কাটিয়ে আবারও চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে নরসিংদীর পলাশ থানাধীন ঐতিহাসিক চরসিন্দুর কলাবাজার। সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে বাজারের বিভিন্ন অংশে কাদা-মাটি ও পচা কলাগাছের অবশিষ্টাংশ জমে এক প্রকার তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এতে হাটে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ব্যবসায়ী ও কৃষকদের এই চরম দুর্ভোগের কথা চিন্তা করে বাজার ইজারাদারের পক্ষ থেকে দ্রুত এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়। ইজারাদারের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীরা বাজারের প্রতিটি কোণ থেকে জমে থাকা সব ময়লা-আবর্জনা ও কাদা সরিয়ে ফেলেন। এই সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপের ফলে বাজারে এখন আবার এক সুন্দর, পরিচ্ছন্ন ও ব্যবসায়ীবান্ধব পরিবেশ ফিরে এসেছে।
শীতলক্ষ্যা নদীর তীরবর্তী প্রাচীন এই বাণিজ্য কেন্দ্রে সপ্তাহে দুই দিন, বিশেষ করে প্রতি মঙ্গল ও শুক্রবার, কলার হাট বসে। ঐতিহ্যবাহী এই হাটে সাগর, চম্পা, সবরি, আনিছসহ প্রায় সব ধরনের কলার প্রচুর আমদানি হয়ে থাকে। দূর-দূরান্ত থেকে শত শত কলাচাষী ও পাইকারি ব্যবসায়ীরা এই হাটে সমবেত হন এবং বেচাকেনা সম্পন্ন করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে বাজারটি এখন তার পুরোনো ঐতিহ্যবাহী রূপ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও দূর থেকে আসা পাইকাররা। তবে এলাকার সচেতন মহল এবং ব্যবসায়ী সমাজ দাবি জানিয়েছেন, বাজারের দীর্ঘমেয়াদী সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে ভবিষ্যতেও নিয়মিত রাখতে হবে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta