
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণ না পেয়ে রাগে-অভিমানে জাহানারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা মা আত্মহত্যা করেছেন। মহাদেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জাহানারা বেগম উপজেলার এনায়েতপুর ইউপির কালুশহর মোল্লাপড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী। সোমবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। স্থানীয় সূত্র জানায়, জাহানারা বেগমের তিন ছেলে ও এক মেয়ে। কিন্তু কোন সন্তানই তার ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। বরং তার কাছে থাকা কয়েক লাখ টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দেয়ার জন্য প্রায়ই তাকে চাপ দেয়া হতো। টাকা ভাগ বাটোয়ারা করে দেয়ার চাপ ও ভরণ পোষণ না পেয়ে রাগে অভিমানে তিনি আত্নহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা। নিহতের ছেলে শহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মায়ের টাকা দিয়ে তার নামেই ফেরত কবলা জমি নিয়ে দেয়া হয়েছে। সেই জমির ফসল তিনিই নেন। তাছাড়া বেশ কিছুদিন থেকে তার মা মানুষিক সমস্যায় ভুগছিল। প্রচন্ড মাথা ব্যাথাও ছিল। মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta