

উত্তরা প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা এলাকার ভূতের আড্ডা রেস্টুরেন্টে শনিবার (২১ জুন) মোবাইল জার্নালিজম বিষয়ক বেসিক প্রশিক্ষণ ও সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক মহাযুগ পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তফা জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান বক্তা হিসেবে ছিলেন মো: আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মো: হেলাল তালুকদার, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন। উদ্বোধক ছিলেন শেখ মো: মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ। এছাড়া ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলাউদ্দিন সরকার টিপু, সাবেক সদস্য, মহানগর উত্তর বিএনপি ও উত্তরা প্রেসক্লাবের সভাপতি; আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক, উত্তরা প্রেসক্লাব; মো: সাইফুল ইসলাম, নির্বাহী সম্পাদক, দৈনিক মহাযুগ পত্রিকা।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “আগামীদিনে বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের কল্যাণে কাজ করা হবে। অতীতে সাংবাদিকতাকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার সাংবাদিক সমাজের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে; সাগর রাণী হত্যাকাণ্ডের বিচারও হয়নি। আমরা ভবিষ্যতে তোষামোদী সাংবাদিকতা চাই না। সাংবাদিকরা যেন রাষ্ট্রের নীতি-নির্ধারকদের সামনে প্রশ্ন তুলে দেশ ও সমাজের সঠিক প্রতিবেদন দেয়, সেটাই আমাদের কামনা। আগামী দিনে আমরা ক্ষমতায় এলে সাংবাদিক কল্যাণে কাজ করব এবং উত্তরা প্রেসক্লাবের পাশে থাকব।”
সভাপতির বক্তব্যে দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন বলেন, “সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা প্রয়োজন। এই অনুষ্ঠানে আসা সকল সম্মানিত অতিথির প্রতি আমরা কৃতজ্ঞ।”
প্রশিক্ষণ সেশনে মোবাইল সাংবাদিকতার বেসিক ট্রেনিং দেন সাব্বির আহমেদ, মোজো এডিটর-ইন-চিফ, বাংলাদেশ টাইমস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta