

ঢাকা, মতিঝিল: রাজধানীর গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা ও ফুটপাত প্রতি শুক্রবার যেন রূপ নেয় এক অস্থায়ী হাটবাজারে। দোকানিদের দখলে চলে যায় পুরো ফুটপাত ও রাস্তার একাংশ, ফলে হেঁটে চলা তো দূরের কথা, যান চলাচলেও দেখা দেয় চরম বিশৃঙ্খলা।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এলাকায় মানুষের চলাচল তুলনামূলক কম থাকে, সেই সুযোগকে কাজে লাগিয়েই অস্থায়ী দোকানিরা কাপড়, জুতা, মোবাইল এক্সেসরিজ, খাবারসহ নানান পণ্যের পসরা সাজিয়ে বসে। ফলে স্কুলের সামনের ফুটপাত এবং রাস্তার দুই পাশ জুড়ে তৈরি হয় ভিড় ও যানজট। চলাচলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী ও শিশু, বিশেষ করে যাঁরা কাছাকাছি মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি শুক্রবার এই অবস্থা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ে না বললেই চলে। অনেকেই অভিযোগ করেছেন, কিছু অসাধু ব্যক্তির মদদেই এই ফুটপাত বাণিজ্য চালু রয়েছে দীর্ঘদিন ধরে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, “শুক্রবার বিক্রিবাট্টা ভালো হয়, তাই এদিনটা মিস করতে চাই না। পুলিশের সঙ্গে একটু সমঝোতা করলেই সমস্যা হয় না।”
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাধারণ মানুষের দাবি, যেন শুক্রবার বা যেকোনো দিনেই রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা হয়, যাতে নিরাপদে চলাচল করা যায় এবং যানজট থেকে রক্ষা পাওয়া যায়।
প্রধান কার্যালয় : ৪০১ উত্তর কাজীপাড়া, মিরপুর ঢাকা-১২১৬ ( ১ম তলা) শাখা কার্যালয় : সাত রং টঙ্গী গাজীপুর। মো:০১৯১১৬৯১৫২৯
All Rights Reserved by Dainik Batayan Barta