নিজস্ব প্রতিবেক
ঢাকা, ৭ এপ্রিল ২০২৫ — রাজধানীর উত্তরা আজ এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদের সাক্ষী হলো। ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলার বিরুদ্ধে উত্তরা সেক্টর ৪-এর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, নানা রকম প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে উত্তরা প্রকম্পিত হয়ে ওঠে—“ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ জেনোসাইড ইন গাজা”, “ডাউন উইথ ইসরায়েল” ইত্যাদি ধ্বনিতে তারা প্রকাশ করেন তাদের ক্ষোভ ও প্রতিবাদ।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া। তারা বলেন, এই প্রতিবাদ কোনো কূটনৈতিক অবস্থান নয়, এটি মানবতার পক্ষে দাঁড়ানোর ডাক। নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী জানান, “আমরা বিশ্বকে জানাতে চাই, বাংলাদেশের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে নীরব নয়। ফিলিস্তিনে শিশুদের রক্তপাত আমাদের হৃদয়েও রক্তক্ষরণ ঘটায়।”
এই আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসেন। কেউ ব্যবসা-বাণিজ্যের কাজ রেখে এসেছেন, কেউ পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, ইসরাইলের এই নিপীড়ন নীরবভাবে মেনে নেওয়া যায় না। প্রতিবাদের ভাষায়ই তারা জানাতে চান—মানবতাবিরোধী অপরাধ আর চলতে দেওয়া যাবে না।
পুরো মিছিলটি ছিল শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও তাদের কোনো ধরনের হস্তক্ষেপ করতে হয়নি। বিক্ষোভকারীরা শৃঙ্খলার সঙ্গে তাদের কর্মসূচি শেষ করেন।
আয়োজকেরা জানান, উত্তরার এই প্রতিবাদ শুধুমাত্র শুরু। তারা রাজধানীর অন্যান্য এলাকাতেও একই ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চান এবং তরুণ সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এই বিক্ষোভ যেন শুধুই রাজনৈতিক নয়, বরং ন্যায়বিচারের পক্ষে, মানবতার পক্ষে এক উচ্চকিত আহ্বান হয়ে উঠেছে।
