
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার শাহ আলম সিকদার ফেলু মেম্বারের মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত ১০ মে রাজধানী ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এলাকাবাসীর কাছে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
শাহ আলম সিকদার ফেলু মেম্বারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চলনা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
এলাকাবাসী জানান, ফেলু মেম্বার ছিলেন একজন সৎ, মানবিক ও সাহসী মানুষ। মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে চরসিন্দুর ইউনিয়ন একজন অভিভাবকতুল্য মানুষকে হারালো।
