
নিজস্ব প্রতিবাদক :
গাজীপুর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৯ জুলাই সাগর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, হজ পালনকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি তাঁর বক্তব্যে হজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সোসাইটির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল। তিনি হজ পালনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, হজ মানুষের আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য শিক্ষা, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হুমায়ুন। সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই হাজী সমাবেশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে হাজীদের সম্মাননা প্রদান এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
