
বিশেষ প্রতিনিধি :
টঙ্গীর নতুন বাজারে মাদক সেবন ও বিক্রি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এসব অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গণপিটিশন করেছেন নতুন বাজারের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, নতুন বাজার রেলগেট সংলগ্ন এলাকায় জসিম শিকদারের দুই ছেলে রুবেল শিকদার (৩৫) ও সোহেল শিকদার (৪০)-এর বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।এদিকে সখিনা বেগম (৬০) নামে এক নারী লিখিত অভিযোগে মামুন, শাহিন মিয়া, আজিজ মিয়া, রাসেল, হারুন, রেজওয়ান, পেটু ও সোহেলসহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। তার দাবি, গত প্রায় ছয় মাস ধরে তার বাসার সামনে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। এতে বাধা দেওয়ায় রোববার রাত আনুমানিক ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তার বাসায় ভাঙচুর করা হয়। এ সময় নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি তাকে মারধর এবং গলায় থাকা প্রায় নয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে নতুন বাজার এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তবে এসব অভিযোগের সত্যতা তদন্তাধীন এবং অভিযুক্তদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, “এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এখন স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে নতুন বাজার এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী।
