
আল আরাফা ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুত ৫৪৭ জন কর্মী পূর্ণবহালের দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকের কর্পোরেট অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।২১ জুলাই থেকে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে কর্মীরা।
বুধবার (৬ আগস্ট) সকাল থেকে ব্যাংকের কর্পোরেট অফিসের সামনে একত্রিত হয়ে কর্মীরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শুরু করেন। তারা দাবি করেন, বিনা নোটিশে ও আইনগত প্রক্রিয়া ছাড়াই তাদের চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অন্যায় এবং অমানবিক।
কর্মসূচিতে অংশ নেওয়া একজন চাকুরিচ্যুত কর্মকর্তা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সততার সঙ্গে কাজ করেছি। হঠাৎ করে চাকুরি হারিয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম দুরবস্থার মধ্যে পড়েছি। আমাদের ন্যায্য দাবির প্রতি ব্যাংক কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
অন্যদিকে, ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। চাকুরিচ্যুত কর্মীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
অবস্থান কর্মসূচির ফলে ব্যাংকের কর্পোরেট অফিসে সাময়িক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনকারীরা।
