
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার পুবাইল থানার সাপমারা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একজন ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া প্রতারণার শিকার হয়ে গাজীপুর জর্জ কোর্টে একটি মামলা দায়ের করেছেন।
সূত্র জানায়, ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে মোঃ সোহেল মিয়া কালীগঞ্জ থানার উত্তরগাঁও এলাকার মোঃ সজিব মিয়াকে এক লক্ষ টাকা ধার দেন। নির্ধারিত সময় পার হওয়ার পর টাকা ফেরত চাইলে, মোঃ সজিব মিয়া তাকে একটি ব্যাংক চেক প্রদান করেন।
পরবর্তীতে চেকটি সোহেল মিয়া ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে অবহিত করেন যে, সংশ্লিষ্ট একাউন্টে কোনো টাকা নেই এবং চেকটি ডিজঅনার (অসম্মানিত) হয়েছে।
এরপর থেকে বারবার চেষ্টা করেও মোঃ সোহেল মিয়া অভিযুক্ত মোঃ সজিব মিয়ার সাথে কোনোভাবে যোগাযোগ করতে ব্যর্থ হন। অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দেন বলে অভিযোগ রয়েছে।
সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে মোঃ সোহেল মিয়া প্রতারণা ও চেক প্রতারণা সংক্রান্ত ধারায় গাজীপুর জর্জ কোর্টে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপ ব্যবসায়িক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান।
ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া বলেন, “আমি আমার কষ্টার্জিত অর্থ ফেরত পেতে এবং প্রতারকের শাস্তি নিশ্চিত করতে আইনের আশ্রয় নিয়েছি। আমি বিশ্বাস করি, আদালত আমাকে ন্যায়বিচার দিবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
