নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনা উপজেলায় এক অনন্য মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে একটি যুব সংগঠন। স্থানীয়ভাবে গড়ে ওঠা এই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
জানা গেছে, উপজেলার মাইজখার ইউনিয়নের মাধারপুর যুব কমিউনিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে এক অসহায় পরিবারের জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করতলা গ্রামের বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব শফিকুল ইসলাম। তিনি এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,
“এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমি এ ধরনের উদ্যোগে পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
মাধারপুর যুব কমিউনিটির সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজকরা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় প্রস্তুত। তাদের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অন্যদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করছে।
সমাজসেবায় এমন উদ্যোগই পারে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

