
:
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজার থেকে বিভিন্ন গ্রামে ও কলেজে যাওয়ার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ চলমান থাকলেও টানা বৃষ্টির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। সংস্কারাধীন সড়কজুড়ে কাদা, পানি ও খোঁড়াখুঁড়ির কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ খুরে রাখায় বৃষ্টির পানিতে তা কাদায় পরিণত হওয়ায় পথচারী ও যানবাহন উভয়ের চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তার কাজ শুরু হয়েছে, এটা ভালো খবর। কিন্তু বৃষ্টির কারণে এখন চলাচল আরও কষ্টকর হয়ে গেছে। কাদা আর পানিতে অনেক সময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।”
এক কলেজগামী শিক্ষার্থী জানায়, “প্রায় প্রতিদিন কাদা মাড়িয়ে যেতে হয়। কখনো জুতা খুলে হাঁটতে হয়। সময়মতো ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।”
স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় রয়েছেন। আশেপাশের গ্রাম থেকে বাজারে কাঁচামাল তুলতে না পারায় ও ক্রেতা কমে যাওয়ায় তাদের বেচাকেনা কমে গেছে। তারা জানান, দ্রুত কাজ শেষ না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
এলাকাবাসীর দাবি, সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বৃষ্টির সময় সাময়িকভাবে চলাচলের উপযোগী ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসীর ।
চরসিন্দুর বাজার এলাকার মানুষের প্রত্যাশা—দ্রুত সড়ক সংস্কার কাজ শেষ করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।
