
বিশেষ প্রতিনিধি :
নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও চলনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার ফেলু মেম্বার আর নেই। গত ৯ মে রাত ১১টা ১১ মিনিটে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল -এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই চরসিন্দুর ইউনিয়নসহ পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া শাহ আলম সিকদার ফেলু মেম্বার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন জনপ্রিয় সমাজসেবক ও জননন্দিত প্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছিলেন।
স্থানীয়দের কাছে তিনি ছিলেন সততা, মানবিকতা ও নেতৃত্বের প্রতীক। সমাজের উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ মানুষকে হারিয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
