
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
শিল্প নগরী টঙ্গীর চাঞ্চল্যকর বাক ও শ্রবণ প্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখন হত্যাকাণ্ডের মূল আসামী সাইফুল ইসলাম উজ্জল ও তার স্ত্রী সাদিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা শাখা।
মাত্র ১ হাজার ২৫০ টাকা, একটি মোবাইল ফোনের বাক্স ও ২ কেজি চাল লুটের উদ্দেশ্যে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।
গত ১৯ মে ভোরে টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুর গাজীবাড়ী পুকুরপাড় এলাকার একটি ভবনের ২য় তলা থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী লিখনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। পরে ২১ মে নিহতের মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার হয়ে জেলে আছেন বাড়ির মালিক গোলাম মোস্তফা।
লিখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের টঙ্গী শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উজ্জল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নিন্দারাবাদ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে ও তার স্ত্রী সাদিয়া আক্তার সাদিয়া একই গ্রামের মৃত স্বপন গাজীর মেয়ে।
পিবিআই জানায়, সাইফুল একজন গার্মেন্টকর্মী এবং তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।
