
নিজস্ব প্রতিবেদক :
টঙ্গীর মহাসড়কের পাশে নতুন করে কোনো ময়লার ভাগাড় তৈরি না করার দাবিতে টঙ্গী কনভেনশন সেন্টারে মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮:৩০ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং মহাসড়কের সৌন্দর্য বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. নাজিমুদ্দিন আহমেদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগরের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিএম শামীম, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা।
বক্তারা বলেন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় গড়ে উঠলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয় এবং নগরীর সৌন্দর্যও নষ্ট হয়। তাই টঙ্গীর মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লার ভাগাড় তৈরি না করে পরিবেশবান্ধব ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
সভায় উপস্থিত এলাকাবাসীও এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য টঙ্গী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তারা মহাসড়কের পাশে স্থায়ীভাবে ময়লার ভাগাড় নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
