
তৈমুর আলম অপু :
আহসানুল্লাহ হত্যা মামলার আসামি ও সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দীর্ঘ ২২ বছর পর কারামুক্ত হয়েছেন। তার কারামুক্তির খবর পেয়ে শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করেন। পরে তারা তাকে নিতে এসে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা মোহাম্মদ আলীকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়।
মুক্তির পর মোহাম্মদ আলী দাবি করেন, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, আহসানুল্লাহ হত্যা মামলার সঙ্গে তিনি জড়িত নন এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পাওয়ায় তিনি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে মোহাম্মদ আলীর কারামুক্তিকে কেন্দ্র করে টঙ্গীতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত নেতাকর্মীর উপস্থিতিতে তাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ প্রতীক্ষার এই অধ্যায়।
