
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ ‘জে’র দ্বিতীয় ম্যাচে আজ (২২ জুন) অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে শুরুর একাদশে কয়েকটি পরিবর্তনের চিন্তা করছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
সবচেয়ে নিশ্চিত পরিবর্তনটি আসতে পারে রাইট-ব্যাক পজিশনে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বিশ্রামে রাখা হতে পারে গনসালো মন্তিয়েলকে। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন নাহুয়েল মলিনা, যাকে এই পজিশনে নিয়মিত ভরসার প্রতীক হিসেবে দেখেন স্ক্যালোনি। তবে মন্তিয়েলকে বেঞ্চে রাখা হতে পারে।
আক্রমণভাগেও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। গোড়ালির চোট কাটিয়ে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন হুলিয়ান আলভারেজ। তবে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় তার পরিবর্তে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে।
মিডফিল্ডে থিয়াগো আলমাদা ও নিকোলাস গঞ্জালেসকে নিয়ে ভাবনায় রয়েছেন স্ক্যালোনি। যদিও শেষ পর্যন্ত আলমাদাকেই শুরুর একাদশে রাখার সম্ভাবনা বেশি।
এদিকে, বাম পায়ের কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিকোলাস তালিয়াফিকোকে শুরু থেকেই নামানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ফলে লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনার খেলা প্রায় নিশ্চিত। পাশাপাশি, ইনজুরি কাটিয়ে ফেরা লিয়ান্দ্রো পারেদেসকে দ্বিতীয়ার্ধে কিছু সময় মাঠে দেখা যেতে পারে।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
