
স্পোর্টস ডেস্ক:
একটি অধ্যায় শেষের পথে। রিয়াল মাদ্রিদের ডাগআউট ছেড়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ইতালির কিংবদন্তি এই কোচ, চুক্তি হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
রিয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও, ক্লাবের ঘনিষ্ঠ সূত্র বলছে, আনচেলত্তি ড্রেসিংরুমে খেলোয়াড়দের বিদায়বার্তা জানিয়ে দিয়েছেন। মে মাসে লা লিগা শেষ হলেই তিনি ক্লাব ছাড়বেন। ক্লাব বিশ্বকাপে রিয়ালের কোচ হিসেবে থাকবেন না তিনি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) আনচেলত্তিকে অনেক আগে থেকেই চাচ্ছিল। প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেজ তাকে ‘স্বপ্নের কোচ’ বলে উল্লেখ করেছেন। ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে।
তবে আনচেলত্তির সহকারী ও ছেলে দাভিদে আনচেলত্তি এবার নিজেই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে চান। ব্রাজিলে তার বাবার সঙ্গে যাবেন কি না, তা নির্ভর করবে অন্য ক্লাব থেকে আসা প্রস্তাবের উপর।
আনচেলত্তির বিদায়ের খবর এমন এক সময়ে এলো, যখন রিয়াল মাদ্রিদ মৌসুমের শেষ ধাপে ব্যর্থতায় ভুগছে। লিগ টেবিলে পিছিয়ে পড়েছে বার্সেলোনার থেকে, চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত, কোপা দেল রে ও সুপারকোপা দুই ফাইনালেই হেরেছে তারা। দলে একাধিক ইনজুরি ছিল, বিশেষ করে ডিফেন্সে, যার প্রভাব ফলাফলে পড়েছে।
রিয়ালের হয়ে আনচেলত্তি জিতেছেন দুই দফায় মোট তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা সহ একাধিক শিরোপা। তিনিই ইতিহাসে একমাত্র কোচ যিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
এখন ক্লাব বিশ্বকাপ ও পরবর্তী মৌসুমের জন্য নতুন কোচ খুঁজছে রিয়াল মাদ্রিদ। আলোচনায় এগিয়ে আছেন সাবেক রিয়াল মিডফিল্ডার ও বর্তমানে বায়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসো। এছাড়া অন্তর্বর্তীকালীন হিসেবে ফুটবল পরিচালক সান্তি সোলারির নামও বিবেচনায় রয়েছে।
আগামী রোববার সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সেটিই হতে পারে আনচেলত্তির বার্নাবেউয়ের শেষ দৃশ্য।
