
মোঃ শরীয়তুল্লাহ
ঢাকার গণপরিবহন খাতে আসছে নতুন যুগের সূচনা। পরিবেশবান্ধব ও অত্যাধুনিক বৈদ্যুতিক বাস চালুর মাধ্যমে রাজধানীর পরিবহন ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে বৈদ্যুতিক বাস প্রকল্পের কাজ শুরু হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো রাজধানীর গণপরিবহনের দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং নাগরিকদের আধুনিক যাতায়াত সুবিধা নিশ্চিত করা।
প্রকল্পের আওতায় ৪০০ বৈদ্যুতিক বাস কেনা হবে এবং স্থাপন করা হবে ৩টি চার্জিং ডিপো। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর জন্য বিশ্বব্যাংক দিচ্ছে ২,১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দিচ্ছে ৩৭৫ কোটি টাকা।
এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীবাসী পাবে নির্ভরযোগ্য, আরামদায়ক এবং দূষণমুক্ত গণপরিবহন ব্যবস্থা। এটি শুধু যানজট ও পরিবেশদূষণ কমাতে সাহায্য করবে না, বরং নগরবাসীর জীবনের মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে।
