
মোঃ শরীয়তুল্লাহ
গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল চড়ে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সদস্যকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চারটি মোটরসাইকেল।
আটককৃতরা হলো মোঃ মোফাজ্জেল (২২) ও মোঃ সাঈদ হাসান (২০)। পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
ওসি বলেন, “এরা মোটরসাইকেল চড়ে টার্গেট খুঁজে বের করত এবং সুযোগ বুঝে ছিনতাই করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এদের মাধ্যমে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।”
পুলিশ আরও জানায়, এই চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এলাকাবাসী পুলিশের এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছে এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছে।
