গতকাল রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের প্লে-গ্রুপ ভবনের ওপর বাংলাদেশ বেসামরিক বিমান প্রশিক্ষণ বিভাগের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নিউজিল্যান্ড।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় স্কুলের একাধিক শিশু ও শিক্ষক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ও নিবেদিতপ্রাণ শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি নিজের জীবন উৎসর্গ করে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
একইভাবে, প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণে চেষ্টা করেছেন বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার। তাঁর এই আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নিউজিল্যান্ড-এর পক্ষে সভাপতি ড. সাখাওয়াত হোসেন রনো এবং সাধারণ সম্পাদক জাভেদ আকতার এক শোকবার্তায় বলেন—
“আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত ও বাকরুদ্ধ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
আমরা সকলকে আহ্বান জানাই—এই দুঃসময়ে মানবতার পাশে দাঁড়ান, রক্তদান ও সহানুভূতির হাত বাড়িয়ে দিন। একটি ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে।দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজিল্যান্ড শাখা রিফাত আলম ভূঁইয়া বলেন,
আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ চিহ্নিত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক। একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য কার্যকর ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করা হোক।

